প্রার্থীদের আচরণ বদলালে স্থানীয় নির্বাচনে জনগণ জবাব দেবে: নুরুল হক নুর
- আপডেট সময় : ০৫:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রার্থীদের আচরণ পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনে জনগণ পুনরায় একটা জবাব দেবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুরে বাংলাদেশ গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলার নেতাকর্মীদের সঙ্গে পথসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। এখন স্থানীয় নির্বাচনে আবার ভোট চাইতে যাবেন। এখন জাতীয় নির্বাচনে আপনাদের দল থেকে কেউ এমপি হয়েছেন। কেউ মন্ত্রী হয়েছেন। এখন আপনাদের স্বভাব চরিত্র যদি পরিবর্তন হয়, স্থানীয় নির্বাচনেও কিন্তু মানুষ আবার একটা জবাব দেবে। আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য যেখানে সব নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, দেশে আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান সুযোগ লাভ করবে।’
দেশের পিছিয়ে পড়া অসচ্ছল পরিবারগুলোকে সমাজে এগিয়ে নিতে সরকারের দেয়া ফ্যামিলি কার্ড সুবিধার যদি কোনো সচ্ছল ব্যক্তি পেয়ে থাকেন, তাহলে জনগণকে ইউএনও কাছে সচ্ছল ব্যক্তির ফ্যামিলি কার্ড বাতিলের অভিযোগ দেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
এসময় প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, ‘সরকারের যে সামাজিক সুরক্ষা মূলক কার্যক্রম এই যে, ঈদের আগে বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কাজে আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন, যেন প্রকৃত ভুক্তভোগী মানুষ সাহায্য পায়। দেখা যায়, প্রতিবন্ধী ভাতা পায়, সুস্থ ও সচ্ছল মানুষ পায়। এখন আপনারা ইউএনওকে বলবেন, এ লোক সুস্থ ও সচ্ছল মানুষ। তিনি তার ভাতা পুনর্বিবেচনা করবেন। সরকারের চিন্তা ভাবনা হচ্ছে, মানুষের জন্য কাজ করা। মানুষের সমর্থন ধরে রাখা।’
এসময় বাংলাদেশ গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















