সান্তোসকে বাঁচিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা নেইমারের
- আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
শৈশবের ক্লাবে ফিরে নিয়মিত মাঠে নামবেন, গোল করবেন আর দলকে জেতাবেন। এমন রাজকীয় প্রত্যাবর্তনই তো চেয়েছিলেন নেইমার। তবে ফুটবল ক্যারিয়ারের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে যাওয়া চোট কি আর সেটা হতে দিচ্ছিল। এমনকি হুমকির মুখেও পড়ে সান্তোসের রাজপুত্রের ক্যারিয়ার। শেষ পর্যন্ত সব বাধা ডিঙিয়েছেন। ‘সুপারম্যান’ হয়ে উদ্ধার করেছেন দলকে।
আজ সকালে ব্রাজিলের লিগ সিরি ‘আ’ তে ক্রইজেইরোকে ৩-০ গোলে হারাল সান্তোস। লিগে শেষ রাউন্ডের এই জয়ে নিশ্চিত হলো, অবনমন হচ্ছে না নেইমারের ক্লাব। ৩৮ ম্যাচে ১২ জয় ১১ ড্র ১৫ হারে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার ১২ নম্বরে থেকে মৌসুম শেষ করল সান্তোস। পয়েন্ট টেবিলের অবনমিত হয়ে যাওয়া শেষ চারটি দলের শীর্ষে থাকা সিয়েরা স্পোটিং ক্লাব থেকে ৪ পয়েন্ট এগিয়ে ক্লাবটি।
সান্তোসের আগের দুই ম্যাচে পাঁচ গোলে অবদান রাখা নেইমার আজ অবশ্য গোল-অ্যাসিস্ট কিছুই পাননি। তবে আসল কাজ যে ব্রাজিলিয়ান সুপারস্টার করে দিয়েছেন আগেই। চোট নিয়েই সবশেষ ম্যাচে করেন হ্যাটট্রিক। ৩৩ বছর বয়সী ফুটবলার ম্যাচ শেষে নিশ্চিত করেছেন এবার সময় হয়েছে। অনেক দিন ভুগতে থাকা বাঁ হাঁটুর সার্জারি করাবেন তিনি।
সান্তোসকে খাদের কিনারা থেকে টেনে তোলার জন্যই নাকি ক্লাবটিতে নাম লেখান নেইমার। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি এ জন্যই এসেছি, যতটা সম্ভব সাহায্য করতে। আমার জন্য সবশেষ কয়েক সপ্তাহ কঠিন ছিল। যারা আমার পাশে ছিল, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা না থাকলে, এই চোটাক্রান্ত হাঁটুর কারণে আমি এই ম্যাচগুলো খেলতে পারতাম না। এখন আমার বিশ্রাম প্রয়োজন এবং তারপর হাঁটুর সার্জারি হবে।’
অবশ্য হাঁটুর চোট আর সার্জারির ধরণ নিয়ে বিস্তারিত কিছুই জানাননি নেইমার। তবে সাম্বা তারকা ২০২৬ সালের বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে থাকতে আত্মবিশ্বাসী। যদিও কোচ কার্লো আনচেলোত্তি মে মাসে দায়িত্ব নেওয়ার পর তাকে এখনও অন্তর্ভুক্ত করেননি। ইতালিয়ান কোচ সাফ জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট থাকা খেলোয়াড়রাই কেবল ব্রাজিল স্কোয়াডে সুযোগ পাবেন। বিশ্বকাপের বাকি আর ছয় মাস। এর আগে কতটা ফিট হয়ে মাঠে চেনা ছন্দে ফিরতে পারেন নেইমার সেটাই দেখার অপেক্ষা এখন।
ব্রাজিলের লিগ সিরি-‘আ’র চ্যাম্পিয়ন্স ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। সিয়েরাকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো লিগ শিরোপা জিতেছে ফ্লামেঙ্গো। এর আগে গত মাসে ক্লাব ফুটবলে তারা মহাদেশীয় শ্রেষ্ঠেত্যের প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসেরও চ্যাম্পিয়ন হয়।
















কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হলো অং সান সু চিকে