স্টেডিয়ামে পানি নেয়ার অনুমতি দিলো ফিফা
- আপডেট সময় : ০২:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকদের স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। তবে আপাতত এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার ভেন্যুগুলোর জন্য প্রযোজ্য। মেক্সিকোর স্টেডিয়ামগুলোতে একই নিয়ম কার্যকর হবে কি না, তা এখনো খোলাসা করেনি ফিফা। প্রতিবেদন দ্য অ্যাথলেটিকের।
প্রথমে ফিফা জানিয়েছিল, দর্শকরা সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার স্বচ্ছ ও খালি প্লাস্টিকের বোতল স্টেডিয়ামে নিয়ে যেতে পারবেন এবং ভেতরে থাকা পানির ফোয়ারা থেকে তা পূরণ করতে পারবেন। পরবর্তীতে আচমকা নীতিমালা পরিবর্তন করে জানানো হয়, কোনো ধরনের পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নেয়া যাবে না।
এই সিদ্ধান্ত কার্যকর হলে দর্শকদের বাধ্য হয়ে স্টেডিয়ামের ভেতর থেকে পানীয় কিনতে হতো। এতে স্বাস্থ্যঝুঁকি ও অতিরিক্ত ব্যয়ের বিষয়টি সামনে এনে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। রাজনীতিবিদ, সমর্থক গোষ্ঠী, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং গণমাধ্যম ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে।
টরন্টোর মেয়র অলিভিয়া চাও এ সিদ্ধান্তকে ‘শুধু অর্থ উপার্জনের কৌশল’ বলে মন্তব্য করেন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পরে ফিফার সিদ্ধান্ত পরিবর্তনকে স্বাগত জানান।
শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ফিফা নতুন এই নীতিমালার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে সংস্থাটির ২০২৬ বিশ্বকাপের প্রধান পরিচালনা কর্মকর্তা হাইমো শিরগি জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের যেকোনো ম্যাচে সব সমর্থক একটি করে নরম প্লাস্টিকের, ৫৯০ মিলি ধারণক্ষমতাসম্পন্ন, ফ্যাক্টরি-সিলড ওয়ানটাইম পানির বোতল সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন।
তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শক্ত বা পুনরায় ব্যবহার করা যায় এমন বোতল নেয়ার নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।


























বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল