২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
- আপডেট সময় : ০৪:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার কার্ড হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন।
তিনি আরও বলেন, সিইসির সঙ্গে মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জামিনে মুক্ত হওয়ার সার্টিফায়েড কপি দেওয়ার কথা হয়েছে, সেটি আরপিওতে নাই। সে বিষয়ে স্পষ্ট করতে বলেছি। আর মনোনয়নপত্রের সঙ্গে সার্টিফায়েড কপি যাতে না দেওয়া লাগে, সেটি আমরা বলেছি।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু চাই। আমরা আশা করি, নির্বাচনের পরিবেশ সুস্থ থাকুক। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দেবে। সুতরাং, আশা করি— আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই উন্নতি হবে।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল।
বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া।
প্রসঙ্গত, দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। তবে তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে।























বাংলাদেশকে হারাল নিউ জিল্যান্ড