৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
- আপডেট সময় : ০২:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা গত শুক্রবারকে (৩ এপ্রিল) মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে বর্ণনা করেছে।
শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ শাখা বিভিন্ন প্রদেশে সংঘটিত একাধিক সফল প্রতিরোধ অভিযানের বিস্তারিত তুলে ধরে। বিবৃতিতে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স খোমেইন ও জানজান আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত ও ধ্বংস করেছে।
এ ছাড়া ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি বুশেহরের আকাশে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।
আইআরজিসি জানায়, এসব প্রতিরোধ অভিযান নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এদিকে একটি পৃথক ও গুরুত্বপূর্ণ অভিযানে আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স ইরানে মধ্যাঞ্চলে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে সমর্থ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। ভূপাতিত হওয়া সে বিমানের পাইলটের সন্ধান এখনও চলছে। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিরাপদে ইজেক্ট করতে ব্যর্থ হয়েছেন।
একই দিনে ইরানের সেনাবাহিনী জানায়, দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি মার্কিন এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
সেনাবাহিনী জানায়, বিমানটি ‘আর্মি এয়ার ডিফেন্স ফোর্সের সিস্টেম দ্বারা শনাক্ত ও আঘাতপ্রাপ্ত হয়। পরে সেটি পারস্য উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়’। সূত্র: প্রেস টিভি
মাত্র ২৪ ঘণ্টায় মার্কিন যেসব যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত বা ক্ষতি করার দাবি করে ইরান সেগুলো হলো: একটি এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস, একটি এফ-১৬ যুদ্ধবিমানে আঘাত,দুটি এইচএইচ-৬০ডব্লিউ জলি হেলিকপ্টারে আঘাত,একটি এ-১০ ওয়ার্টহগ যুদ্ধবিমান ভূপাতিত, শিরাজ-এ একটি উইং লুং-২ ড্রোন ভূপাতিত, তিনটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত, একটি হার্মিস ড্রোন ভূপাতিত, ইরাকে একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন জরুরি কোড ৭৭০০ প্রেরণ করেছে, দুটি বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার বিমান জরুরি কোড ৭৭০০ প্রেরণ করেছে এবং দুটি ক্রুজ মিসাইল ও বেশ কয়েকটি সুইসাইড ড্রোন ধ্বংস করা হয়েছে।
যুদ্ধের ময়দানে এক দিনে এতো ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র গত কয়েক দশকে দেখেনি যুক্তরাষ্ট্র। এর আগে গত ২ মার্চ ইরানে আক্রমণ করতে গিয়ে কুয়েতের আকাশে বিধ্বস্ত হয় তিনটি মার্কিন এফ-১৫ই।
এছাড়া ২০১১ সালের ৬ আগস্ট আফগানিস্তানে একটি চিনুক হেলিকপ্টার ভূপাতিত হয়ে ৩১ মার্কিন সৈন্য নিহত হয়। এটি পুরো আফগান যুদ্ধে মার্কিন বাহিনীর জন্য একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ছিল।
২০০৫ সালের ২৬ জানুয়ারি ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত ও বিদ্রোহী হামলায় একদিনে মোট ৩৭ মার্কিন সৈন্য প্রাণ হারায়, যা ইরাক যুদ্ধের সবচেয়ে মারাত্মক দিন হিসেবে বিবেচিত।
আর যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী দিন ছিল ১৯৪৪ সালের ৬ জুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরম্যান্ডি আক্রমণে একদিনে প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য নিহত হয়।























গৃহকর্মী থেকে এবার পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী