দেশে ফিরেছেন ক্রিকেটাররা
- আপডেট সময় : ১২:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
অতৃপ্তি নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ ছেড়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। সোমবার রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমান। তবে দেশে ফিরেনি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব অস্ট্রেলিয়া থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন, সময় কাটাবেন পরিবারের সঙ্গে নিউইয়র্কে।
দলের সঙ্গে দেশে ফেরেননি নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ। এই তিন ক্রিকেটার ছাড়া বাকিরা ফিরেছেন ঢাকায়। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে। ঘুরে বেড়াবেন নিজেদের মতো করে। কোচিং স্টাফদের সবাই চলে গেছেন নিজ নিজ দেশে।
বিশ্বকাপ খেলার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল টাইগাররা। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমির সম্ভাবনা উজ্জ্বল করেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে হেরে তা হয়নি। তারপরও ফল বিবেচনায় এবারের বিশ্বকাপ বাংলাদেশের জন্য সেরা। কারণ মূল পর্বে প্রথমবারের মতো দুই ম্যাচে জেতে টাইগাররা।
সুপার টুয়েলভ পর্বে নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু। এরপর রুদ্ধশ্বাস ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন রানের জয়। দক্ষিণ আফ্রিকার (১০৪ রানে) সঙ্গে বড় ব্যবধানে হারলেও পাকিস্তান ও ভারতের মতো দলের সঙ্গে লড়াই করে হারে সাকিবরা। গ্রুপ টুয়ে পঞ্চম হয় বাংলাদেশ।























