ভোটের ফল গণতন্ত্রের জন্য ভালো, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা
- আপডেট সময় : ০১:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলকে গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। নির্বাচনের ফলে রাজনৈতিক অনিশ্চয়তার একটি অধ্যায় শেষ হলেও, অর্থনৈতিক পুনরুদ্ধার, সংস্কার বাস্তবায়ন এবং সংবেদনশীল কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, বলছেন তাঁরা।
২০২৪ সালের গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, একটি স্পষ্ট নির্বাচনী ফলাফল দক্ষিণ এশিয়ার ১৭ কোটি জনসংখ্যার দেশের জন্য স্থিতিশীলতার বার্তা বহন করছে।
সাম্প্রতিক নির্বাচনের ফলকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মনে করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের ফল রাজনৈতিক অনিশ্চয়তার একটি অধ্যায়ের সমাপ্তি ঘটালেও সামনে রয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার, সংস্কার বাস্তবায়ন এবং সংবেদনশীল কূটনৈতিক ভারসাম্য রক্ষার কঠিন সময়।
থমাস কিন বলেন, ‘ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এমন এক অবস্থানে রয়েছে যেখানে বড় শক্তিগুলো প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করছে। এটি দেশের জন্য একদিকে যেমন সুযোগ সৃষ্টি করছে, অন্যদিকে তৈরি হচ্ছে কৌশলগত চ্যালেঞ্জও। প্রতিবেশীদের সাথে ভবিষ্যতে ঢাকাকে নতুন ভারসাম্য খুঁজে নিতে হবে।’
থমাস কিনের বিশ্লেষণে, সংসদে কার্যকরবিরোধী দলের উপস্থিতি গণতান্ত্রিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রকৃত চ্যালেঞ্জ এখন শুরু হচ্ছে।
থমাস কিন আরও বলেন, ‘এই ফল বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো। সংসদে একটি বিরোধী দল থাকা গুরুত্বপূর্ণ। একইসাথে, বিএনপির নীতি বাস্তবায়নের জন্য একটি উপযুক্ত ম্যান্ডেট রয়েছে।’
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। সাম্প্রতিক অস্থিরতায় সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ড ও বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নতুন সরকারের সামনে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং শিল্পখাতকে দ্রুত পুনরুজ্জীবিত করা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।





















আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু