রোনালদোর গোল-অ্যাসিস্টে বড় জয়ে চূড়ায় আল নাসর
- আপডেট সময় : ১২:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ম্যাচ বয়কট থেকে ফেরার পর থেকেই দারুণ ছন্দে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। টানা তৃতীয় ম্যাচে গোল করে আবারও দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন আল নাসর অধিনায়ক।
বুধবার রাতে তলানির দল আল নাজমাকে ৫-০ গোলে হারিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে উঠেছে আল নাসর। ম্যাচে একটি করে গোল-অ্যাসিস্ট করেছেন রোনালদো। একইসঙ্গে হাজার গোলের পথে আরেকটু এগিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।
ম্যাচের সপ্তম মিনিটে আল নাজমার পেনাল্টি বক্সের ভেতর রোনালদোকে ফাউল করেন আব্দুল্লাহ আল হাওসাউয়ি। স্পট কিক থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন রোনালদো।
চলতি মৌসুমের লিগে এটি ২০ তম গোল আল নাসর অধিনায়কের। এছাড়া পেশাদার ক্যারিয়ারে তার গোল হয়ে গেল ৯৬৫টি।
৩১ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের নিচু ক্রস রক্ষণভাগ ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান কিংসলে কোমান। দারুণ এক টার্ন নিয়ে নিঁখুত শটে বল জালে জড়ান এই ফরাসি তারকা।
৪২ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে ইনিগো মার্তিনেসের জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢোকে। ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে চতুর্থ গোল করেন সাদিও মানে। রোনালদোর পাস থেকে বল পেয়ে আল নাসরের লিড ৪-০ তে নিয়ে যান।
৮০ মিনিটে কর্নার কিক থেকে হেড করে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন মার্তিনেস। শেষ পর্যন্ত বড় জয়ে মাঠ ছাড়ে নাসর।
২৩ ম্যাচে ১৯ জয় তুলে নিয়ে ৫৮ পয়েন্টে শীর্ষে আল নাসর। সমান ম্যাচে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আল আহলি।


























