চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
চাঁদাবাজদের পাশাপাশি সন্ত্রাসীদেরও তালিকা করা হচ্ছে, দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ দুপুরে ডিএমপি সদর দপ্তর পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ ছাড়া রাজধানীতে যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণের কথাও জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শনে যান সালাহউদ্দিন আহমদ। এ সময় তাঁকে গার্ড অনার দেওয়া হয়। পরে ডিএমপি সদর দপ্তর ঘুরে দেখেন।
প্রায় দেড় ঘণ্টার পরিদর্শন শেষ সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনমনে স্বস্তি আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। চাঁদাবাজদের পাশাপাশি সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে, দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অতীতের পুলিশ পাল্টে জনবান্ধব করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ব্যক্তিকেন্দ্রিক তাঁবেদারি আর নয়। ফ্যাসিবাদের কারণে প্রতিষ্ঠান হিসেবে পুলিশের গায়ে কালিমা লেগেছিল। কোনো ব্যক্তি দ্বারা নয় বরং আইন দ্বারা পরিচালিত হবে পুলিশ।
এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কাজ শুরু হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার।




















