হজযাত্রীদের সেবা করতে না পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, “আমরা হজযাত্রীদের খাদেম। তাদের যথাযথ সেবা নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। যদি আমরা তাদের সঠিক সেবা দিতে ব্যর্থ হই, তবে আমাদের পদে থাকার অধিকার নেই; আমাদের পদত্যাগ করা উচিত।”
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রীদের প্রথম ফ্লাইট আজ রাতে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সেই প্রস্তুতির সার্বিক অবস্থা সরেজমিনে দেখতেই মন্ত্রী এই ঝটিকা সফরে যান।
পরিদর্শনকালে ধর্মমন্ত্রী জানান, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং হজক্যাম্প পরিদর্শন করার এবং হজযাত্রীদের সঙ্গে মতবিনিময়ের ইচ্ছা প্রকাশ করেছেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। মন্ত্রী ক্যাম্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং হজযাত্রীদের থাকার ব্যবস্থা, খাবারের মান ও অন্যান্য সেবার খোঁজ নেন। তিনি সরাসরি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কি না তা জানতে চান।
মন্ত্রী ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের উদ্দেশে বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে তাদের যাত্রা শুরু করতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আপনাদের সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
হজ ক্যাম্পে ছারপোকা এবং মশার উপদ্রব নিয়ে হজযাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে ধর্মমন্ত্রী কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে বলেন, এসব উপদ্রব বন্ধে যা করার দরকার, তা-ই করতে হবে। হজযাত্রীদের কষ্ট কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা আশকোনা হজক্যাম্পে আসতে শুরু করেছেন। এয়ারলাইন্সগুলোও তাদের বিশেষ প্রস্তুতি সম্পন্ন করেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।






















রাঙামাটিতে সাংগ্রাই জলকেলিতে মাতলেন মারমা তরুণ-তরুণীরা