পুশ-ইন বন্ধে ভারতকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
বাংলাদেশে পুশ-ইন বন্ধে প্রতিবেশী ভারতকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (৮ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের পুশ-ইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। অবৈধভাবে যারা থাকে তাদের ফেরত দেয়ার প্রক্রিয়া আছে। সেটি মেনেই ভারতকে কাজ করতে হবে। নিয়ম না মেনে পুশ-ইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।
শামা ওবায়েদ বলেন, পুশ-ইন বন্ধে ভারতকে সরকারের পক্ষ থেকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে। ভারত সরকার যদি এটি সিরিয়াসলি নেয়, তাহলে আমাদের জন্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানো ঠেকাতে সম্প্রতি বাংলাদেশের ২৬ জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন।
এদিকে আজ (৮ জুন) থেকে আগামী ১১ জুন পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। বিজিবি জানিয়েছে, সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।




















দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া