অবশেষে ক্লাব ছাড়ছেন রিয়ালের বিস্ময় বালক এন্দ্রিক
- আপডেট সময় : ১২:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
কার্লো আনচেলোত্তির কোচিংয়ে তবু মাঝেমধ্যে মাঠে নামার সুযোগ হতো। তবে নতুন কোচ জাবি আলোনসো তাকে একবার পরখ করে দেখারও প্রয়োজন মনে করেনি। মাঠে ফিরতে হলে ক্লাব ছাড়াটা জরুরি হয়ে পড়েছিল তাঁর জন্য। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছাড়ছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির বিস্ময় বালক খ্যাতি পাওয়া এন্দ্রিক।
জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে লিগ আঁ’এর ক্লাব অলিম্পিক লিঁওতে যোগ দিবেন এন্দ্রিক। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ এবং অলিম্পিক লিয়ঁ-এর মধ্যে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিককে আগামী জানুয়ারিতে ধারে পাঠানোর বিষয়ে চুক্তির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। ২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধে ফরাসি এই ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ানকে।
রিয়াল মাদ্রিদ ও লিয়ঁ দুই ক্লাবই আপাতত চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ করছে না। ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই এন্দ্রিককে স্থায়ীভাবে বিক্রি করতে রাজি নয়। চুক্তিতে স্থায়ীভাবে এন্দ্রিককে কেনার কোনো সুযোগ রাখছে না রিয়াল।
এই সপ্তাহে আলোচনার পর এন্দ্রিককে ধারে পাঠানোর চুক্তি অনেক দূর এগিয়েছে। এখন রিয়াল-অলিম্পিকের মধ্যে কেবল নথি আদান–প্রদান চলছে, ডিসেম্বরেই সবকিছু আনুষ্ঠানিক রূপ পেতে পারে।
এই চুক্তিতে নাকি একটি বিশেষ শর্ত রাখা হয়েছে — যদি রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়েন এবং ট্রান্সফার উইন্ডো তখনও খোলা থাকে, তাহলে ক্লাব চাইলে এন্দ্রিককে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে নিতে পারবে। উভয় পক্ষ মৌখিকভাবে বিষয়টিকে ‘সম্পন্ন’ ধরে নিয়েছে। এন্দ্রিকের এজেন্টরাও ইতিমধ্যেই ফ্রান্সে তাঁর থাকার জায়গা খুঁজছেন।
প্রথম থেকেই ফ্রান্সে যাওয়ার ব্যাপারে ইতিবাচক ছিলেন এন্দ্রিক। বেনজামিন সেসকো-র চোটের পর ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি তাকে নিতে আগ্রহ প্রকাশ করে। তবে তরুণ এই ফরোয়ার্ডের লক্ষ্য এখন নিয়মিত খেলার সুযোগ পাওয়া। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত করতে হলে যে অন্তত মাঠে নামতে হবে তাকে। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তিও জানিয়েছেন, জাতীয় দলে ফেরার দরজা এন্দ্রিকের জন্য খোলা আছে। তবে তাঁর আগে নিজেকে প্রমাণ করার শর্তও জুড়ে দিয়েছেন রিয়ালের সাবেক কোচ।
গত মৌসুমে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে যোগ দেওয়ার পর কার্লো আনচেলোত্তির অধীনে ৩৭টি ম্যাচে খেলেছিলেন এন্দ্রিক, করেছিলেন ৭টি গোল। তবে এই মৌসুমে জাবি আলোনসোর অধীনে তিনি এখন পর্যন্ত মাঠে সময় পেয়েছেন মাত্র ১৪ মিনিট। এবার নতুন ক্লাবে যোগ দিয়ে নিয়মিত খেলার সুযোগ পান কিনা এন্দ্রিক সেটার দেখার অপেক্ষা।


















সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর