আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ১২:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আসন্ন নির্বাচন বিষয়ে কোস্টগার্ডের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে প্রার্থী ও দলের হয়ে কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের কোস্ট গার্ড সদর দপ্তরে ৪০ জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
কোস্টগার্ডের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নে কেউ জড়িত হবেন না। নির্বাচনে আপনারা আইন বিধি, জননিরাপত্তা, জনসেবা এবং জনকেই প্রাধান্য দিয়ে কাজ করবেন।’
তিনি বলেন, ‘আপনারা রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের প্রতি ন্যূনতম পক্ষপাতদুষ্ট আচরণ সহ্য করা হবে না। যদি কারও বিপক্ষে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আসন্ন নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশ কোস্টগার্ড প্রায় ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, ‘নির্ধারিত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক এরইমধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলায় প্রায় ১০০ প্লাটুন কোস্টগার্ড প্রস্তুত থাকবে।’
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগে উপকূলীয় জনগণকে সচেতন করা, উদ্ধার ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ এবং রোহিঙ্গা সংকট নিরসন কার্যক্রমে কোস্ট গার্ডের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তবর্তী নদী এলাকায় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ বাহিনীটির প্রশংসা করেছে এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যদের পদক দেওয়া হয়।
এতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।





















জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী