আচমকা ইরানে হামলার পরও চুক্তির স্বপ্ন দেখছে যুক্তরাষ্ট্র!
- আপডেট সময় : ১০:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তিন মাসের যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তিটি সম্পন্ন হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (২৫ মে) দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার পর সংঘাতের দ্রুত অবসানের যে আশা তৈরি হয়েছিল, মঙ্গলবার (২৬ মে) তার এই মন্তব্যে তা অনেকটাই ফিকে হয়ে গেছে।
ভারতের জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও স্পষ্ট করে বলেন, “যে কোনোভাবেই হোক হরমুজ প্রণালি খোলা রাখতেই হবে।” এর আগে নয়াদিল্লিতে তিনি জানান, ভিন্ন কোনো পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র কূটনীতিকে সফল হওয়ার পূর্ণ সুযোগ দেবে। প্রণালিটি পুনরায় চালু করা এবং পারমাণবিক ইস্যুতে একটি সুনির্দিষ্ট ও সময়াবদ্ধ আলোচনার বিষয়ে টেবিলে ‘বেশ শক্ত প্রস্তাব’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইরানের শীর্ষ মধ্যস্থতাকারী ও পররাষ্ট্রমন্ত্রী যখন দোহায় অবস্থান করছেন, ঠিক সে সময়েই মার্কিন হামলার এই ঘটনা ঘটে।
অন্যদিকে, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘চমৎকারভাবে’ এগোচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে নতুন করে হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ট্রাম্প লেখেন, “হয় সবার জন্য একটি দারুণ চুক্তি হবে, নাহয় কোনো চুক্তিই হবে না।”
গত এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানি বাহিনীর হুমকি থেকে নিজ সেনাদের রক্ষার্থেই সোমবার নতুন করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মাইন পেতে রাখার চেষ্টায় থাকা নৌযান ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে এই প্রতিরক্ষামূলক হামলা চালানো হয়। বিপরীতে ইরান জানিয়েছে, সোমবার তারা নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ‘শত্রুভাবাপন্ন’ স্টিলথ ড্রোন ভূপাতিত করেছে, তবে ড্রোনটি কোথা থেকে এসেছিল তা প্রকাশ করা হয়নি।
এদিকে, আঞ্চলিক উত্তেজনার পারদ আরও বাড়িয়ে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন। এর পরপরই ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব লেবাননের বেকা উপত্যকাসহ অন্যান্য এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। গত মধ্য-এপ্রিলে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হলেও হিজবুল্লাহ ওই চুক্তির অংশ ছিল না। তাই ‘আত্মরক্ষার’ কারণ দেখিয়ে ইসরায়েল দেশটিতে বিমান হামলা অব্যাহত রেখেছে।
এর বাইরে, আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জানা গেছে, যুক্তরাষ্ট্রের মাটিতে থাকার সুযোগ না পাওয়ায় ইরানের জাতীয় ফুটবল দলকে পুরো টুর্নামেন্ট চলাকালীন মেক্সিকো থেকে যাতায়াত করতে হবে। যুক্তরাষ্ট্র তাদের আতিথেয়তা দিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স























ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী