ইতালিয়ান সুপার কাপ জিতল নাপোলি
- আপডেট সময় : ০১:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
গত বছর ইতালিয়ান সুপার কাপে ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নাপোলির। তবে এবার শিরোপা ঘরে তুলল আন্তোনিও কন্তের দল।
সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে হওয়া ফাইনালে বোলোনাকে ২-০ গোলে হারায় বর্তমান সিরি’আ চ্যাম্পিয়নরা। দুটি গোলই করেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ডেভিড নেরেস।
এই জয়ের ফলে তৃতীয়বারের মতো ইতালিয়ান সুপার কাপ জিতল নাপোলি। এর আগে ১৯৯০ ও ২০১৪ সালে শিরোপা জিতেছিল তারা।
আল-আওয়াল পার্কে ম্যাচের ৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল করেন নেরেস। প্রায় ২৫ মিটার দূর থেকে তাঁর বাঁকানো বাঁ পায়ের শট সরাসরি জালের কোণে ঢুকে যায়।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল করে ব্যাবধান বাড়ান নেরেস। বোলোনার গোলকিপার ফেদেরিকো রাভালিয়ার দুর্বল পাসের সুযোগ নেন তিনি। জন লুকুমিকে দেওয়া বল কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় জালে পাঠান নেরেস।
বেনফিকা থেকে ২০২৪ সালের আগস্টে নাপোলিতে যোগ দেওয়ার পর দ্বিতীয়বার জোড়া গোল করলেন নেরেস। এই সুপার কাপে তিন গোল করেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে শিরোপা ঘরে তোলে নাপোলি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৯ ম্যাচের মধ্যে সাতটিতে জিতল নেপলসের ক্লাবটি।
২০২৩ সাল থেকে সৌদি আরবে ৪ দল নিয়ে হচ্ছে ইতালিয়ান সুপার কাপ। ২০২৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট সৌদি আরবে আয়োজনের চুক্তি রয়েছে।



























আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান