বিমান বাহিনী বর্তমানে সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে
- আপডেট সময় : ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
যশোর বিমান বাহিনী একাডেমিতে ৫ জন নারী ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেটের কমিশনপ্রাপ্তি উপলক্ষে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৮৮তম ‘বাংলাদেশ এয়ারফোর্স কোর্স’ ডিরেক্ট এন্ট্রি এবং স্পেশাল পারপাস শর্ট সার্ভিস কমিশন ২০২৬-এর সার্বিক কোর্সে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে কমিশনপ্রাপ্তদের মাঝে সম্মাননা ট্রফি ও মেডেল প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এর আগে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে সশস্ত্র সালাম জানানো হয় এবং তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর গৌরবময় অবদান এবং দেশের আকাশসীমা রক্ষায় বাহিনীর পেশাদারিত্বের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিমান বাহিনী প্রধান। তিনি বলেন, “বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবন্দরগুলোর ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর সদস্যরা যে অভূতপূর্ব দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেন তিনি।
কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শেষে প্যারেড গ্রাউন্ডের আকাশে বিমান বাহিনীর বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও প্রশিক্ষণ বিমানের ফ্লাইপাস্ট, মনোমুগ্ধকর অ্যারোবেটিক ডিসপ্লে এবং হেলিকপ্টার থেকে প্যারাট্রুপারদের রোমাঞ্চকর জাম্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই গৌরবময় অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন।




















সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ছে!