সৌদি পৌঁছেছে ৭৩ হাজারেরও বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট আজ
- আপডেট সময় : ০৩:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৮৯টি ফ্লাইটে তারা ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (২১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন বলে বুলেটিনে উল্লেখ করা হয়।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত তিনটি বিমান সংস্থার মোট ১৮৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে- বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৬৯টি ফ্লাইট, ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট।
আজই চলতি বছরের হজ ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়েছিল।
মন্ত্রণালয় সূত্র জানায়, পবিত্র হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজযাত্রীদের যাত্রা ও হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরবচ্ছিন্নভাবে ফ্লাইট পরিচালনা ও সার্বিক সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।






















সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ছে!