মেসির রুম নম্বর বলছে এবারও চ্যাম্পিয়ন আর্জেন্টিনা!
- আপডেট সময় : ০২:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপের মতো মঞ্চে শুধু পায়ের জাদু বা নিখুঁত কৌশলই নয়, অনেক সময় ভাগ্যের অদৃশ্য সমর্থনকেও আলোচনায় টেনে আনেন সমর্থকরা। চার বছর আগে কাতারের মরুর দেশে যখন লিওনেল মেসি আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন, তখন থেকেই তাঁর সঙ্গে জড়িয়ে থাকা কিছু কাকতালীয় ঘটনা ঘিরে ভক্তদের মধ্যে এক ধরনের রোমাঞ্চকর আলোচনা শুরু হয়। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আবারও সেই পুরোনো গল্প নতুন করে সামনে এসেছে।
বর্তমানে বিশ্বকাপ প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। কানসাসের ট্রেনিং ক্যাম্পে এবারও সতীর্থদের সঙ্গে রুম শেয়ার না করে আলাদা থাকছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, এবার তিনি থাকছেন ২০২ নম্বর রুমে। মেসি অবশ্য তাঁর পরিচিত রুটিন অনুযায়ী ক্যাম্পের নিরিবিলি পরিবেশে একাই থাকার এই সিদ্ধান্তে অনড় রয়েছেন।
এর আগে কাতার বিশ্বকাপে মেসির রুম নম্বর ছিল ২০১, আর সেই আসরেই আর্জেন্টিনা তাদের ফুটবল ইতিহাসের তৃতীয় শিরোপা জিতে নেয়। কাতারের সেই বিশ্বকাপে মেসির ২০১ নম্বর রুম ঘিরে তখন সামাজিক মাধ্যমে নানা ব্যাখ্যা ছড়িয়ে পড়েছিল। অনেক সমর্থক সংখ্যাটিকে ভেঙে ‘২+১’ করে ৩ দাঁড় করিয়ে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন। কাকতালীয়ভাবে সেই আসরে সত্যিই বিশ্বচ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা।
এবার কানসাস ক্যাম্পে মেসির নতুন রুম নম্বর ২০২ নিয়েও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে একই ধরনের আলোচনা ও কৌতূহল। ফুটবলপ্রেমীদের একাংশ আবারও সংখ্যাটিকে ভেঙে ‘২+২’ মিলিয়ে ৪ হিসাব করছেন, যা তাদের মতে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ জয়ের ইঙ্গিত হতে পারে। যদিও এসব হিসাব-নিকাশের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই, তবু আর্জেন্টিনা দলে দীর্ঘদিন ধরে চলা ছোট ছোট রুটিন, আচার বা ব্যক্তিগত অভ্যাসকে ঘিরে সমর্থকদের আগ্রহ বরাবরই তুঙ্গে থাকে। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে মাঠের প্রস্তুতির পাশাপাশি মেসির দরজায় ঝুলতে থাকা ২০২ নম্বর রুমের এই সংখ্যা ঘিরেই আর্জেন্টিনার আরেকটি বিশ্বজয়ের স্বপ্নে নতুন করে রঙ লাগাচ্ছেন সমর্থকরা। সূত্র: মিন্ট























ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা