শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০২:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
শিক্ষাক্ষেত্রের উন্নয়নে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৯ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চীন দূতাবাস ও ‘চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ এসোসিয়েশন’ আয়োজিত চীন-বাংলাদেশ শিক্ষা কো-অপারেশন ফোরাম-২০২৬-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘রড-সিমেন্ট নয়, চীন-বাংলাদেশ সম্পর্কের মূলভিত্তি হবে শিক্ষা। সাম্প্রতিক বছরগুলোতে চীন যেভাবে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করেছে জনবহুল দেশ হিসেবে দেশের জন্য অনুকরণীয়।’
আগের মতো শুধু পরীক্ষা আর জিপিএ-৫ নয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে টেকনিক্যাল ও জেনারেল এডুকেশনের জন্য সরকার কাজ করছে।’
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন করতেই হবে, এর কোন বিকল্প নেই। এ জন্য শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। পর্যায়ক্রমে দেশের জিডিপি’র ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, শিক্ষার মানোন্নয়নে সিলেবাস, কারিকুলাম এবং একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানের উন্নয়ন ঘটাতে হবে। এ জন্য আমরা চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সাধারণ ও কারিগরি শিক্ষকদের জন্য প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদেরকে দেশের নেতৃত্ব গ্রহণের জন্য যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বলেন, আমরা চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সেতুবন্ধন আরও সুদৃঢ় করে চাই। সেই সেতুর মূল উপকরণ হবে শিক্ষা।
ফোরামে শিক্ষাক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানশেষে অতিথিরা শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থায় বিশ্বমানের প্রযুক্তি যুক্ত করতে সরকারের চেষ্টা অব্যহত আছে।’ শিগগিরিই ‘নতুন কুঁড়ি’ কোরআন তেলওয়াত প্রতিযোগিতা পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।
আয়োজনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চীনের উদাহরণ টেনে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ করা হয়।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম বদরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।





















বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনীতে বাংলাদেশের সঞ্জয়