সমালোচকদেরকে নির্বাচনে অংশ নিতে বললেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিকে জনগণ আর ভোট দেবেনা, কারণ তাদের যোগ্য নেতৃত্ব নেই। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের নির্বাচনের মাঠে আসার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ তাদের ভোট কেড়ে নেবে না। যারা দেশের উন্নয়নের সমালোচনা করেন, তারা পাকিস্তানের সারমেয় বলেও আখ্যা দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। এতে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে ৭৫ সালের পর তার প্রবাস জীবন, দেশে ফিরে আসা, রাজনৈতিক কর্মকান্ড, নির্বাচন, সরকার পরিচালনা ও নানা বিষয়ে খোলামেলা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। বলেন, ৮১ সালে নানা চড়াই উৎরাই পেরিয়ে তিনি দেশে ফিরে দলকে সংগঠিত করেন, ২১ বছর পর আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে দেশের উন্নয়ন করে চলেছেন। কারো কারো চোখে এসব উন্নয়ন ধরা পড়ে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অরাজক পরিস্থিতি সৃষ্টি করে জিয়াউর রহমান। নির্বাচনের নামে প্রহসনের শুরু তার হাত ধরেই। আগামি নির্বাচনে তার দল বিএনপিকে জনগণ আর ভোট দেবে না।
সাম্প্রতিক সময়ে অনেকে সরকারের নানা সমালোচনায় মুখর হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের ক্ষতায় যাওয়ার ইচ্ছে হলে ভোটের মাঠে আসতে হবে।
সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে বাঁচাতে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

















শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল স্বৈরাচাররা : তারেক রহমান