ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির পরও বাড়ল সয়াবিন তেলের দাম
- আপডেট সময় : ০৯:২৩:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
বাণিজ্য উপদেষ্টার ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারির মধ্যেই দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সোমবার থেকে কার্যকর হবে। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে ৩৩ টাকা।
আজ রোববার (৭ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তির অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ায় আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। সে সময় লিটারে দাম বাড়ানো হয় ৯ টাকা করে। এরপর বাণিজ্য মন্ত্রণালয় দাবি করে, তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সম্পর্কে সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।
গত ৩ ডিসেম্বর, ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘ভোজ্যতেল ব্যবসায়ীদের তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি। আমি আধা ঘণ্টা আগে এই তথ্য জেনেছি। দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এরপর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়।
এর আগে গত অক্টোবরেও সরকারের অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন সরকার জানায়, এভাবে দাম বাড়ানোর সুযোগ নেই। এক পর্যায়ে সিদ্ধান্ত থেকে সরে আসেন ব্যবসায়ীরা।
























