জুলাই গণহত্যা: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
- আপডেট সময় : ০২:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানিয়েছে, জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দেয়া হবে।
এদিকে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় সোমবার আওয়ামী লীগের সাবেক ১৬ মন্ত্রী-এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সকালে কেরাণীগঞ্জসহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এসব মামলার অগ্রগতি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
ট্রাইব্যুনালে হাজির করা আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলায়মান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।





















