ঢাকা ১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন দাখিল
- আপডেট সময় : ০১:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে প্রার্থী হতে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ (সোমবার) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুপুর ১২টার দিকে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
এর আগে গতকাল রোববার সকালে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার খবরে এই আসন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকেই বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
একই দিনে বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি রয়েছে। দুপুর ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে যাবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতারা।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।






















সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৪ জনের