১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ দিতে বগুড়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৪:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত বগুড়া সফরটি স্থগিত করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক। তিনি জানিয়েছেন, মূলত বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন থাকায় নির্বাচনী আচরণবিধি ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রধানমন্ত্রী ভোটের আগে এই কর্মসূচিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে পাইলট প্রকল্পের অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের একটি ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছিল এবং সুফলভোগী পরিবার বাছাইয়ের প্রাথমিক কাজও শুরু হয়েছিল। সরকারের এই বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রতিটি নিম্নবিত্ত ও হতদরিদ্র পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা মূলত পরিবারের নারী সদস্যদের নামে নিবন্ধিত হবে।
বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি এই প্রকল্পটি শুরুতে চার মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালানো হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে সারা দেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনের পর সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করা হবে এবং প্রকল্পটি বাস্তবায়নে গঠন করা কমিটিগুলো তাদের প্রস্তুতি অব্যাহত রাখবে।





















