বড় জয়ে রিয়ালের চেয়ে আরও এগিয়ে বার্সেলোনা
- আপডেট সময় : ১২:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আগের রাতে ড্র করে সুযোগটা তৈরি করে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। যা কাজে লাগাতে কোনো ভুল করেনি বার্সেলানা। এস্পানিওলের বিপক্ষে অনায়াস জয়ে পরিষ্কার ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল কাতালান ক্লাবটি।
ঘরের মাঠে শনিবার রাতে প্রতিবেশী ক্লাব এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরুর দিকে জোড়া গোল করেছেন ফেররান তোরেস। আর শেষ দিকে এস্পানিওলের জাল কাঁপিয়েছেন লামিন ইয়ামাল ও মার্কাস রাশফোর্ড।
এই ম্যাচে মাঠে নেমেই স্প্যানিশ লা লিগায় সবচেয়ে কম বয়সে ১০০ ম্যাচ খেলকে রেকর্ড গড়েছেন ইয়ামাল।৷ ম্যাচের শেষ দিকে গোল করার আগে তোরেসের দুই গোলেই অ্যাসিস্ট করে উপলক্ষ রাঙিয়েছেন স্প্যানিশ এই তারকা।
লা লিগায় সবচেয়ে কম বয়সে ম্যাচের সেঞ্চুরি করার আগের রেকর্ডটি ছিল রাউল গন্সালেসের। ১৯ বছর ২৮৪ দিন বয়সে একশ ম্যাচ খেলেছিলেন রিয়াল কিংবদন্তি। ১৮ বছর ২৭২ দিন বয়সে এই মাইলফলক ছুঁয়েছেন ইয়ামাল।
ম্যাচজুড়ে দাপট দেখিয়েই খেলে বার্সেলোনা। প্রায় ৫৮ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৯টি শট করে টেবিল টপাররা। এর মধ্যে ১১টিই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে এস্পানিওলের ১১ শটের ৩টি ছিল লক্ষ্যে।
ম্যাচের নবম মিনিটে ইয়ামালের বাঁকানো শটে চমৎকার হেডে বল জালে জড়ান তোরেস। ২৫তম মিনিটে আবার দুজনের যুগলবন্দী। এবার ইয়ামালের এগিয়ে দেওয়া বলে নিখুঁত ফিনিশিং দেখান স্প্যানিশ ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ফিরে ৫৪ মিনিটে তৃতীয়বার বল জালে পাঠান তোরেস। কিন্তু তাকে বল এগিয়ে দেওয়া এরিক গার্সিয়া অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় গোল।
পরের মিনিটে পল লোসানোর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় এস্পানিওল। বেশ কিছু আক্রমণে বার্সা শিবিরে ভয়ও ঢোকায় তারা।
তবে শেষ দিকে ৮৭ মিনিটে ইয়ামাল ও ৮৯ মিনিটে রাশফোর্ড পাল্টা আক্রমণে জাল কাঁপালে নিশ্চিত হয় বার্সেলোনার বড় জয়।
৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের ঝুলিতে ৭০ পয়েন্ট। বাকি ৭ ম্যাচে ১৩ পয়েন্ট পেলেই লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সেলোনা।



























সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৪ জনের