পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
- আপডেট সময় : ০১:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) তিনি শপথগ্রহণ করেন। তিনি পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা হিসেবে মুখ্যমন্ত্রীর পদে বসলেন। খবর এনডিটিভির।
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।
এই দিন শুভেন্দুর পাশাপাশি শপথ নিয়েছেন আরও ৫ জন। তারা হলেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর শপথ নেন দিলীপ ঘোষ। তার পর অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।
প্রথমবারের মতো এই পূর্বাঞ্চলীয় রাজ্যে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বরাবরই ছিল নানা উত্থান-পতনে ভরা—এক সময় কমিউনিস্টদের দীর্ঘ শাসন, এরপর প্রায় ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির জয়ের মধ্য দিয়ে।
২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করার পর শুভেন্দু অধিকারী ‘জায়ান্ট কিলার’ উপাধি অর্জন করেন। এবারের নির্বাচনে ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে হারান তিনি। পাশাপাশি নন্দীগ্রাম আসনেও নিজের অবস্থান ধরে রাখেন শুভেন্দু। সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করকে ৯ হাজারের বেশি ভোটে পরাজিত করেন তিনি।
২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিশ্লেষকদের মতে, প্রশাসনিক দক্ষতা ও কঠোর নেতৃত্বের প্রয়োজন বিবেচনায় রেখেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস সরকারের দ্বিতীয় মেয়াদে মন্ত্রী হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


























বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনীতে বাংলাদেশের সঞ্জয়