নিরাপদে থাকতে চাইলে আমাদের এলাকা ছেড়ে চলে যান: ইরান
- আপডেট সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (১০ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।
এর আগে ওমান উপকূল ও হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জেরে ইরানের হরমুজগান প্রদেশের কেশম দ্বীপ, জাস্ক এবং সিরিক এলাকায় একাধিক হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ওই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে এবং এর প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই পাল্টা জবাব দিতে হবে।
তবে হেলিকপ্টার ভূপাতিত করার মার্কিন দাবি আগেই প্রত্যাখ্যান করেছিল ইরানি সামরিক বাহিনী ও কর্মকর্তারা। সর্বশেষ এই মার্কিন হামলার পর এক্সে দেওয়া পোস্টে আরাগচি বলেন, যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতার পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকি বিনা জবাবে ছেড়ে দেবে না। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নিরাপদে থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান। পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত অনুপ্রবেশকারীদের করুণ পরিণতির অনেক অধ্যায় রয়েছে।’
এই মার্কিন হামলার আগেও আরাগচি সতর্ক করে বলেছিলেন, ইরানের আকাশ, স্থল বা জলসীমায় যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় তাদের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। নিজস্ব মানবিক ভুল, দুর্ঘটনা বা দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে বিদেশি বাহিনীগুলো এই অঞ্চলে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি এড়াতে তাদের উচিত যত দ্রুত সম্ভব এই বৈরী পরিবেশ ত্যাগ করা। সূত্র: প্রেস টিভি























বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ