নারী এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
- আপডেট সময় : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বৃষ্টি কেড়ে নিলো বাংলাদেশের এশিয়া কাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অবিরাম ঝরতে থাকা বৃষ্টি যেন নিগার সুলতানা জ্যোতিদের কাছে বিষাদের কাব্য হয়ে দাঁড়ালো।
বাংলাদেশের সমীকরণটা সহজই ছিল। সামনে যে ছিল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। কিন্তু কপাল মন্দ হলে যা হয়! বৃষ্টির কারণে সিলেট স্টেডিয়ামে ম্যাচটি এক ওভারও মাঠে গড়ালো না। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এতেই স্বপ্ন ভেঙেছে বর্তমান চ্যাম্পিয়নদের। পয়েন্ট তালিকায় সেরা চারে থেকে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে থাইল্যান্ডের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে তা বাতিল হয়ে যায়।
সকালে বৃষ্টি মাথায় নিয়েই মাঠে চলে আসে আরব আমিরাতের মেয়েরা। তবে প্রবল বজ্রপাতের মুহূর্তে দৌড়ে আবার ড্রেসিংরুমে ঢুকে পড়ে তারা। পুরো টুর্নামেন্টে এখন অব্দি এক ম্যাচে জয় পাওয়া আরব আমিরাত নির্ভার থেকেই সময় উপভোগ করে।
৮ পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৬ পয়েন্ট নিয়ে থাইলান্ড পয়েন্ট টেবিলের চার নম্বরে ছিলো। বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে ছিলো পাঁচ নম্বরে। মঙ্গলবারের ম্যাচটি মাঠে গড়ালে স্বাভাবিক ভাবেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকতো। আর তা হলে ৬ পয়েন্ট নিয়ে স্বাগতিকদেরই চতুর্থ দল হিসেবে সেমিতে যাওয়ার কথা ছিলো। কেননা নেট রানরেটে অনেকখানিই এগিয়ে ছিলো বাংলাদেশ। কিন্তু ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে ছিটকে পড়তে হলো।




















