এই যুদ্ধ কখনোই হওয়া উচিত হয়নি: ইরান ইস্যুতে কড়া বার্তা চীনের
- আপডেট সময় : ০২:১৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান যুদ্ধের চলমান যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত হয়নি এবং যত দ্রুত সম্ভব বাণিজ্যিক নৌপথগুলো পুনরায় খুলে দেওয়া উচিত।
বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা করেন এই দুই নেতা। ওই আলোচনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই সংঘাতের বিষয়ে তাদের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি’র বরাতে ওই মুখপাত্র বলেন, এই যুদ্ধ, যা কখনোই ঘটা উচিত হয়নি, তা চালিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। দ্রুত এই সঙ্কটের সমাধানের পথ খুঁজে পেলে তা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের জন্যই উপকারী হবে, পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশ এবং সমগ্র বিশ্বের জন্যও তা মঙ্গলজনক হবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির কারণে যেহেতু আলোচনার একটি সুযোগ তৈরি হয়েছে, তাই সেই দরজা “আর বন্ধ করা উচিত নয়।
নৌপথ চালুর বিষয়ে জোর দিয়ে মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে সাড়া দিয়ে যত দ্রুত সম্ভব সামুদ্রিক পথগুলো পুনরায় খুলে দেওয়া উচিত। এছাড়া বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ চেইনের (সাপ্লাই চেইন) স্থিতিশীলতা এবং মসৃণ কার্যকারিতা রক্ষায় সবার যৌথ প্রচেষ্টা চালানো উচিত।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প উভয় দেশ এবং বিশ্ব সম্পর্কিত প্রধান বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং বেশ কয়েকটি নতুন সমঝোতায় পৌঁছেছেন।
এদিকে, বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন শি জিনপিং। ট্রাম্প আরও জানান, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এই বিষয়ে শি জিনপিংও তার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছেন। সূত্র: সিএনএন






















২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু