নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনেরই মৃত্যু
- আপডেট সময় : ০১:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের শেষ ব্যক্তিটিও চলে গেলেন না ফেরার দেশে। আজ শুক্রবার (১৫ মে) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের গৃহবধূ সালমা আক্তার (৩২)। এর মাধ্যমে মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো পরিবারটিই নিঃশেষ হয়ে গেল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালমা আক্তারের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। তার আগে গত সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পরিবারের অন্য চার সদস্য- আবুল কালাম (৩৫), তাদের দুই মেয়ে কথা (৪), মুন্নি (৭) এবং ছেলে মুন্না (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে তারা ছুটে গিয়ে ঘরের ভেতর আগুন জ্বলতে দেখেন। সেখান থেকে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, রান্নার গ্যাসের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে আগুনের সংস্পর্শ লাগলে এই বিস্ফোরণ ঘটে। এক সপ্তাহের ব্যবধানে একটি পরিবারের সবার এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।























২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু