দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার কুমিল্লায় জনসভায় যোগ তিনি এ কথা বলেন।
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের পক্ষ থেকে ১২ লাখ কৃষকের কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে, যাদের ঋণের পরিমাণ ১০ হাজার টাকার মধ্যে ছিল। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, “কুমিল্লার অর্থনীতি মূলত কৃষিনির্ভর হওয়ায় এখানকার মানুষ একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছেন। এ বিষয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে এবং কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”
তবে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। তার ভাষায়, গত ১৭ বছরে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সব দাবি একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না হলেও সরকার ধাপে ধাপে কাজ এগিয়ে নিচ্ছে।
বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক ইতিহাসও তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালে অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পরবর্তীতে দীর্ঘদিন স্বৈরাচারী শাসনের কারণে দেশ প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়ে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। সেই আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। এখন সময় ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়ার।
এর আগে শনিবার (১৬ মে) বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে সমর্থকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এসময় প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
এদিন সকালে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মী-সমর্থকরা ব্যানার-ফেষ্টুন নিয়ে এই পথসভায় সমবেত হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার মধ্যে লক্ষীপুর বাজার মাঠের পথসভাটি হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশে রূপ নেয়।
প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজের সূচনা করবেন।
























উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ স্থবিরতায় চাপে দেশের অর্থনীতি