প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দেশের বর্তমান ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নির্ধারণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
ডেপুটি প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন এবং সেখানে পৌঁছানোর পর বেশ কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন।
এরপর তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে একটি বিশেষ স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। স্মারক ডাক টিকিট উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে পূর্বনির্ধারিত এই সভায় অংশগ্রহণ করেন। দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি ও সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়।
জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে বৈঠকের পর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসবেন।
এরপর দুপুর ১টা ৩০ মিনিটে রেশম শিল্পের আধুনিকায়নের করণীয় নির্ধারণে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। পরে দুপুর ২টা ৩০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি।
সবশেষে বিকাল ৪টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়মিতভাবে বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হলেও, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এবার তা এগিয়ে আনা হয়েছে।
এর আগে, মঙ্গলবার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেও দপ্তরে এসে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। টানা দুই দিন সকাল ৯টায় তার উপস্থিতিতে সচিবালয়ের কার্যক্রমে ফিরেছে পূর্ণ কর্মচাঞ্চল্য।






















জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, রোববার থেকেই কার্যকর