বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে আছেন নেইমার-এস্তেভাও
- আপডেট সময় : ০১:০০:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আগামী সোমবার ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিতে যাচ্ছে ব্রাজিল। এই তালিকায় নেইমার জুনিয়র এবং উদীয়মান তারকা এস্তেভাও উইলিয়ানের নাম থাকার খবর জানিয়েছে গ্লোবো স্পোর্টস।
ফিফার নিয়ম অনুসারে, ১১ তারিখের মধ্যে প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফিফা এই তালিকা যাচাইবাছাইয়ের জন্য ব্যবহার করবে তবে প্রকাশ করবে না।
১ জুন কোচদের তাদের প্রাথমিক দল থেকে ছাঁটাই করে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল ফিফার কাছে জমা দিতে হবে। কোনো খেলোয়াড় চোটে পড়লে এই চূড়ান্ত দলে পরিবর্তন আনা যাবে। তবে নতুন খেলোয়াড়কে অবশ্যই ১১ মে-র প্রাথমিক তালিকায় থাকতে হবে।
২ জুন বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের চূড়ান্ত ২৬ জনের অফিশিয়াল তালিকা একসাথে প্রকাশ করবে। তবে দেশগুলো চাইলে এই তারিখের আগেই নিজেদের মতো করে চূড়ান্ত দল ঘোষণা করে দিতে পারে।
ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল আগামী ১৮ মে চূড়ান্ত করবেন আনচেলত্তি। তিনি ইঙ্গিত দিয়েছেন, নেইমার নিজেকে ফিট প্রমাণ করতে পারলে ১৮ মে-র ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাবেন।
অন্যদিকে, চেলসির তরুণ তুর্কি এস্তেভাও বর্তমানে পালমেইরাসের সুযোগ-সুবিধা ব্যবহার করে হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। যদি তিনি সময়মতো সুস্থ না হন, তবে প্রাথমিক তালিকার এন্ড্রিক বা রাইয়ানদের মধ্য থেকে তাঁর বিকল্প বেছে নিতে হবে।
তবে দুঃসংবাদ হয়ে এসেছে রিয়াল মাদ্রিদের দুই তারকা এডার মিলিতাও ও রদ্রিগোর অনুপস্থিতি। এই দুজন চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন। তাই তারা প্রাথমিক দলেও জায়গা পাচ্ছেন না। গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে হারানো আনচেলত্তির পরিকল্পনায় বড় এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

























বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনীতে বাংলাদেশের সঞ্জয়