মধ্যপ্রাচ্যে সামরিক সাহায্যের জন্য ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান করেছে ফ্রান্স
- আপডেট সময় : ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক সহায়তার আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। একইসঙ্গে হরমুজ প্রণালিতে ফরাসি যুদ্ধজাহাজ পাঠানোর যে গুঞ্জন ছড়িয়েছিল, তা নাকচ করে দিয়ে ফ্রান্স কড়া ভাষায় জানিয়েছে ‘ভয় দেখানো বন্ধ করুন।’
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, আমেরিকা ইতিমধ্যে ‘ইরানকে পরাজিত ও সম্পূর্ণ ধ্বংস করেছে।’ তবে তিনি এ-ও জানান যে, হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত তেলের ওপর যেসব দেশ নির্ভরশীল, এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরও এগিয়ে আসা উচিত। ট্রাম্প তাঁর পোস্টে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোকে এই অঞ্চলে জাহাজ পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, এটি এখন একটি সম্মিলিত প্রচেষ্টা হওয়া প্রয়োজন, যা বিশ্বকে সম্প্রীতি ও নিরাপত্তার দিকে নিয়ে যাবে। এছাড়াও তিনি হুঁশিয়ারি দেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান হস্তক্ষেপ করলে মার্কিন যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপে ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে।
ট্রাম্পের এই আহ্বানের পর পরই খবর ছড়িয়ে পড়ে যে, ফ্রান্স হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠাতে যাচ্ছে। তবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয়, তাদের বিমানবাহী রণতরি পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে এবং তাদের সামরিক অবস্থান পুরোপুরি প্রতিরক্ষামূলক। নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি উল্লেখ করে ফ্রান্স উল্টো গুজব ও ভীতি ছড়ানোর সমালোচনা করে। অন্যদিকে, যুক্তরাজ্যও এই অঞ্চলে তাদের বিমানবাহী রণতরি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানা গেছে।
বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ইতিমধ্যেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক শেয়ারবাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির গভীর আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: ডেইলি এক্সপ্রেস





















রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন: মন্ত্রণালয়