যুদ্ধবিরতি বাড়ানোর পরও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত
- আপডেট সময় : ১২:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ইসরায়েল ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তিন সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণার ঠিক একদিন পরেই শুক্রবার পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার এই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিলেও বাস্তবে সীমান্ত পরিস্থিতি এখনো থমথমে।
দক্ষিণ লেবাননের ইয়াতের এবং কাফরা শহরে হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফের দাবি, এই কেন্দ্রগুলো থেকে ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার হুমকি ছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননজুড়ে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের রামিয়াহ এলাকায় ইসরায়েলের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ইসরায়েল কর্তৃক লেবাননের ঘরবাড়ি ধ্বংস করার পাল্টা জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। ইসরায়েলের এই কর্মকাণ্ডকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সত্ত্বেও শুক্রবার সকাল থেকেই একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করছে উভয় পক্ষ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, লেবানন থেকে আসা যেকোনো হুমকির বিরুদ্ধে ইসরায়েল হামলা অব্যাহত রাখবে। তিনি যুক্তি দেন যে, যুদ্ধবিরতি চুক্তির শর্তানুসারে ইসরায়েল আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে।
অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল লেবাননের ভূখণ্ডে নিয়মিত হামলা চালিয়ে যাওয়ার কারণে এই চুক্তির বর্তমানে কোনো কার্যকারিতা বা অর্থ নেই।
গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে শান্তি বজায় রাখার লক্ষে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু মাঠ পর্যায়ের পরিস্থিতি বলছে, কূটনৈতিক প্রচেষ্টার মাঝেও রণক্ষেত্র এখনো শান্ত হয়নি। সূত্র: সিএনএন


























হাম উপসর্গে একদিনে ১১ মৃত্যু, হাসপাতালে ১০৫৮