শাহজালালে কাল সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৪:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
বিশেষ কার্যক্রম ও নিরাপত্তাজনিত কারণে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। যাত্রীসেবা, নিরাপত্তা ও কার্যক্রমের শৃঙ্খলা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সময়ের মধ্যে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া অন্য কোনো সঙ্গী বা দর্শনার্থী বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।
এই সাময়িক বিধিনিষেধ বাস্তবায়নে যাত্রী এবং সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আন্তরিক সহযোগিতার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে ২৫ ডিসেম্বর দেশে আশার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনা করে একজন অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তাকে এই দায়িত্ব দেয়া হয়।





















সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ১৪ জনের