শূন্য রানে ৩ উইকেট, এমন কিছু আগে হয়নি অস্ট্রেলিয়ার
- আপডেট সময় : ১২:৫৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম বল কোনোমতে সামাল দিলেন ম্যাট শর্ট। তবে চতুর্থ বল আর পারলেন না। ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হলেন অস্ট্রেলিয়ার ওপেনার।
পরের ওভারে প্রথম বলেই কুপার কনোলিকে ফেরালেন মুস্তাফিজুর রহমান। একই ওভারে বাঁহাতি কাটার মাস্টারের দ্বিতীয় শিকার ম্যাট রেনশ। অথচ অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখনও শূন্য রান।
নিজেদের দীর্ঘ ওয়ানডে ইতিহাসে এই প্রথম রানের খাতা খোলার আগেই ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া। এর আগে কখনও ৫ রানের কমে প্রথম ৩ উইকেট হারায়নি তারা।
২০০৬ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ রানে ৩ উইকেট পড়েছিল অস্ট্রেলিয়ার। এছাড়া ২০২২ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৬ রানে তারা হারিয়েছিল ৩ উইকেট।
আগের সব রেকর্ড ভেঙে দিয়ে এবার নতুন করে শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট নিয়ে নিলেন তাসকিন ও মুস্তাফিজ। দুই ওপেনার শর্ট ও কনোলির পর রেনশও আউট হয়েছেন শূন্য রানে।
অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনের শূন্য রানে আউট হওয়ারও প্রথম ঘটনা এটি।
এছাড়া ওয়ানডে ইতিহাসেই শূন্য রানে ৩ উইকেট হারানোর চতুর্থ ঘটনা এটি। এর আগে ১৯৮৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ও ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান এবং ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শূন্য রানে হারিয়েছিল প্রথম ৩উইকেট।
এ নিয়ে টানা চার ম্যাচে উদ্বোধনী জুটিতে কোনো রান করতে পারল না অস্ট্রেলিয়া। চলতি সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচেও শূন্য রানে পড়ে তাদের প্রথম উইকেট।
ওয়ানডে ইতিহাসে এর আগে মাত্র একটি দলের আছে এমন বিব্রতকর কীর্তি। ২০২২ সালে পাপুয়া নিউ গিনি টানা চার ম্যাচে শূন্য রানে হারায় প্রথম উইকেট।























অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের