হোয়াইট হাউসে হামলাকারী অত্যন্ত অসুস্থ মানসিকতার লোক: ট্রাম্প
- আপডেট সময় : ০২:০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এক আকস্মিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত ৩১ বছর বয়সী হামলাকারী কোল থমাস অ্যালেনকে একজন “অত্যন্ত অসুস্থ মানসিকতার লোক” বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলাকারী একসময় বিশ্বাসী খ্রিষ্টান থাকলেও পরবর্তীতে খ্রিষ্টানবিরোধী হয়ে ওঠেন এবং তার মধ্যে ব্যাপক পরিবর্তন আসে।
গত শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত এই জমকালো নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়াসহ মন্ত্রিসভার শীর্ষ সদস্য এবং প্রায় দুই হাজার ৬০০ নামীদামি অতিথি উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মঞ্চে থাকাকালীন হঠাৎ বন্দুক হামলার ঘটনা ঘটলে পুরো বলরুমে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার মতে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গিয়েছিল। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় ট্রাম্পসহ অতিথিরা সবাই অক্ষত রয়েছেন।
হামলার পরপরই সন্দেহভাজন বন্দুকধারী কোল থমাস অ্যালেনকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনএন-এর তথ্যমতে, পেশায় শিক্ষক অ্যালেন ক্যালিফোর্নিয়ার সি-টু নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং ২০২৪ সালে সেখানকার সেরা শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টোড ব্লাঞ্চ জানিয়েছেন, অ্যালেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছান এবং হামলার আগের দিন শুক্রবার হিলটন হোটেলে ওঠেন।
পুলিশ হোটেলের কক্ষে তল্লাশি চালিয়ে অ্যালেনের লেখা একটি বিবৃতি উদ্ধার করেছে। ওই ইশতেহারে তিনি নিজেকে ‘বন্ধুত্বপূর্ণ ফেডারেল ঘাতক’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনার কথা জানান। তার দাবি, ট্রাম্প প্রশাসনের নীতিমালার কারণে ক্ষতিগ্রস্তদের রক্ষা করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, অবৈধ অস্ত্র রাখা এবং মার্কিন কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তাদের হত্যাচেষ্টার অভিযোগে অ্যালেনের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার) তাকে আদালতে হাজির করা হবে। সূত্র: রয়টার্স


























শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার