ঘানার বিশ্বকাপ দলে ফিরলেন বাবা রহমান
- আপডেট সময় : ০২:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ঘানা। অনেক নাটকীয়তার পর সোমবার গভীর রাতে এই দল ঘোষণা করা হয়।
কার্ডিফে ওয়েলসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে সোমবার এক সংবাদ সম্মেলন করেন ঘানার কোচ কার্লোস কুইরোজ। ধারণা করা হয়েছিল তখনই দল ঘোষণা করবেন তিনি। কিন্তু চোটজনিত জটিলতার কারণে তখন চূড়ান্ত তালিকা প্রকাশ করেননি পর্তুগিজ এই অভিজ্ঞ কোচ।
গতকাল সংবাদ সম্মেলনে কুইরোজ নিশ্চিত করেন, অনুশীলনের সময় সেন্ট্রাল ব্যাক আলেকজান্ডার জিকু চোটের কবলে পড়েছেন। ফলে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ডিফেন্ডার ডেরিক লুকাশেনকে।
ঘানার জন্য সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে দলের প্রাণভোমরা মোহাম্মদ কুদুসের ছিটকে যাওয়ায়। উরুর চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারায় এই তারকা মিডফিল্ডারকে ছাড়াই বিশ্বকাপে যেতে হচ্ছে ব্ল্যাক স্টারসদের।
চোটের কারণে দলে জায়গা পাননি আরেক নির্ভরযোগ্য ডিফেন্ডার মোহাম্মদ সালিসুও। মোনাকোর এই সেন্ট্রাল ব্যাক গত জানুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচ চলাকালীন এসিএলের চোটে পড়েন।
দীর্ঘ প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন বাবা আব্দুল রহমান। সাবেক চেলসির এই তারকা ডিফেন্ডার ২০২২ বিশ্বকাপ দলেও ছিলেন। ঘানার হয়ে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন ৩১ বছর বয়সী রহমান। জাতীয় দলের হয়ে ৫২ ম্যাচ খেলে ১ গোল করেছেন এই ডিফেন্ডার।
দলে গোলকিপার হিসেবে ডাক পেয়েছেন বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি এবং জোসেফ আনাং।
রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন অভিজ্ঞ বাবা আব্দুল রহমান, গিডিওন মেনসাহ, আলিডু সাইডু এবং আব্দুল মুমিন। সেই সঙ্গে দলে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন মারভিন সেনায়া, কোজো ওপং এবং ডেরিক লুকাশেন।
মধ্যমাঠে দলের সহ-অধিনায়ক থমাস পার্টেইয়ের সঙ্গে থাকছেন এলিশা ওউসু, কোয়াসি সিবো, অগাস্টিন বোয়াকিয়ে এবং ক্যালেব ইয়েরেনকি। আক্রমণভাগে ঘানার মূল ভরসা হিসেবে থাকছেন অধিনায়ক জর্ডান আইয়ু, অ্যান্টোইন সেমেনিও, আর্নেস্ট নুয়ামাহ এবং ইনাকি উইলিয়ামস।
১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘এল’ এ রয়েছে ঘানা। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের মিশন শুরু হবে আগামী ১৭ জুন পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৩ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্ল্যাক স্টারসরা। আর ২৭ জুন ফিলাডেলফিয়াতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের গ্রুপ পর্বের লড়াই।
ঘানার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: জোসেফ আনাং, বেঞ্জামিন আসারে, লরেন্স আতি-জিগি।
ডিফেন্ডার: জোনাস আজেতেই, ডেরিক লুকাশেন, গিডিওন মেনসাহ, আব্দুল মুমিন, জেরোম ওপোকু, কোজো ওপং পেপরাহ, বাবা আব্দুল রহমান, আলিডু সাইডু, মারভিন সেনায়া।
মিডফিল্ডার: অগাস্টিন বোয়াকিয়ে, আব্দুল ফাতাহু ইসাহাকু, এলিশা ওউসু, থমাস পার্টেই, কোয়াসি সিবো, কামাল দিন সুলেমানা, ক্যালেব ইয়েরেনকি।
ফরোয়ার্ড: প্রিন্স কোয়াবেনা আদু, জর্ডান আইয়ু, ক্রিস্টোফার বনসু বাহ, আর্নেস্ট নুয়ামাহ, অ্যান্টোইন সেমেনিও, ব্র্যান্ডন থমাস-আসান্ট, ইনাকি উইলিয়ামস।

























ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা