দারুণ প্রত্যাবর্তনে প্যারিস মিশন শুরু জোকোভিচের
- আপডেট সময় : ০৪:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
প্যারিসে জিওভানি এমপেতশি পেরিকার্ডকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পর, নোভাক জোকোভিচ আক্ষরিক অর্থেই যেন নেচে মাঠ মাতালেন। প্রথম সেটে ধাক্ক খাওয়ার পর ফ্রেঞ্চ এই খেলোয়াড়কে ৫-৭, ৭-৫, ৬-১, ৬-৪ গেমে পরাস্ত করে জয়ের পর দারুণ এক নাচে নিজের জয় উদযাপন করেন বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪ নম্বর তারকা জোকোভিচ।
ম্যাচ শেষ হওয়ার পরপরই জোকোভিচের সন্তানরা কোর্টে তাঁর সঙ্গে যোগ দিলে এক হৃদয়স্পর্শী মুহূর্তের সৃষ্টি হয়। অথচ কাঁধের মারাত্মক চোটের শঙ্কা মাথায় নিয়েই বছরের দ্বিতীয় এই গ্র্যান্ড স্ল্যামে অংশ নিতে প্যারিসে এসেছিলেন জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনে নামার আগে চলতি মাসে ক্লে-কোর্টে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। মে মাসের প্রথম সপ্তাহে রোম মাস্টার্সের সেই দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দিনো প্রিমিচের কাছে হেরেছিলেন সার্বিয়ান কিংবদন্তি।
এদিন ম্যাচের প্রথম সেটেও ৫-৭ ব্যবধানে হেরে বেশ কোণঠাসা হয়ে পড়েছিলেন জোকোভিচ। যেখানে পেরিকার্ডের প্রথম সার্ভ থেকে পয়েন্ট জয়ের হার ছিল ৯১ শতাংশ, সেখানে জোকোভিচের ছিল ৮০ শতাংশ। এমনকি প্রথম সেটে একটি ব্রেক পয়েন্টও আদায় করতে পারেননি এই সার্বিয়ান। তবে ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীর জন্য তখনও সব শেষ হয়ে যায়নি। টানা নয়টি প্রচেষ্টাতেও ব্রেক পয়েন্ট নিতে ব্যর্থ হন জোকোভিচ।
অবশেষে দশম চেষ্টায় এসে সফল হন ৩৯ বছর বয়সী এই তারকা; প্রতিপক্ষের সার্ভ ব্রেক করার পাশাপাশি একটি অনবদ্য ড্রপ শটের সাহায্যে দ্বিতীয় সেটটি নিজের পকেটে পোরেন।
এরপর তৃতীয় সেটে পেরিকার্ডকে পাত্তাই দেননি জোকোভিচ, অনায়াসে জিতে নেন ৬-১ ব্যবধানে। অবশ্য চতুর্থ সেটে ফ্রেঞ্চ তারকা আবারও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালান। তবে ম্যাচের শেষ দিকে পেরিকার্ডের সেই বীরোচিত লড়াই সামলে নিয়ে, একটি দুর্দান্ত হাফ-ভলি উইনারে জয় নিশ্চিত করেন জোকোভিচ এবং রাজকীয় স্টাইলেই পৌঁছে যান দ্বিতীয় রাউন্ডে।
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে স্বস্তির বার্তা দিয়েছেন জোকোভিচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপাতত শরীর ঠিকঠাকই মনে হচ্ছে। তবে অবশ্যই আমাকে খেলার ছন্দটা পুরোপুরি ফিরে পেতে হবে, আর আশা করছি টুর্নামেন্টে যত সামনে এগোব, সেটা হয়ে যাবে।’ ৩৯ বছর বয়সে এসে কোর্টে এমন লড়াই প্রসঙ্গে রসিকতা করে এই সার্বিয়ান তারকা যোগ করেন, ‘দারুণ একটা ম্যাচ খেললাম, প্রায় তিন ঘণ্টার লড়াই—এই বয়সে ডাক্তাররা ঠিক যেমনটা প্রেসক্রিপশন করেন আরকি! তো, মিশন শুরু করা যাক।’
ক্যারিয়ারে এবারই প্রথম পেরিকার্ডের মুখোমুখি হয়েছিলেন জকোভিচ। ফ্রেঞ্চ এই তরুণের প্রশংসা করে জোকো বলেন, ‘গতি আর নিখুঁত নিশানার দিক থেকে আমার পুরো ক্যারিয়ারে যত সার্ভের মুখোমুখি হয়েছি, তার মধ্যে ওর সার্ভগুলো অন্যতম সেরা ও ভয়ঙ্কর ছিল।’
আগামী বুধবার ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ মুখোমুখি হবেন আরেক ফ্রেঞ্চ তারকা ভ্যালেন্টিন রয়ারের। র্যাঙ্কিংয়ের ৭৪ নম্বরে থাকা এই খেলোয়াড়ের বিপক্ষেও এটিই হতে যাচ্ছে জোকোভিচের ক্যারিয়ারের প্রথম ম্যাচ।
























ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি : যা জানা গেছে