নিজের সবচেয়ে বড় ইচ্ছার কথা জানালেন ডি মারিয়া
- আপডেট সময় : ১২:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ইউরোপীয় ফুটবলের সব বড় বড় মুকুট জেতা হয়ে গেছে আগেই। আর্জেন্টিনার হয়ে ছুঁয়েছেন অধরা বিশ্বকাপের ট্রফিও। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও ফুরিয়ে যায়নি আনহেল ডি মারিয়ার ট্রফি জয়ের ক্ষুধা। তবে এবার আর ইউরোপ বা আন্তর্জাতিক মঞ্চ নয়, ক্যারিয়ারের শেষ বেলায় এসে নিজের সবচেয়ে বড় এবং পরম ইচ্ছার কথা জানিয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি উইঙ্গার।
সম্প্রতি ‘ব্যালন ডি’অর’-এর ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, ফুটবল দর্শন এবং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নিজের অবস্থান নিয়ে খোলামেলা কথা বলেছেন ডি মারিয়া। ৩৮ বছর বয়সী এই তারকা সেখানেই স্পষ্ট করেন, শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা লিবার্তোদোরেস জয় করাই এখন তাঁর ক্যারিয়ারের শেষ স্বপ্ন।
ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবলের আবেগের তুলনা করে দি মারিয়া বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ জেতা এবং সেখানে খেলা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা ছিল। দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে যাওয়া প্রতিটি ফুটবলারই বড় কিছু অর্জনের স্বপ্ন দেখে, আমি সেই সুযোগ পেয়েছিলাম। আর আজ, লিবার্তোদোরেসের মঞ্চে খেলাটা আমার এবং আমার ক্লাব—উভয়ের জন্যই অবিশ্বাস্য এক ব্যাপার। এখন আমাদের একমাত্র চাওয়া এই ট্রফিটা জেতা।‘
রোসারিওতে জন্ম নেওয়া এই উইঙ্গার সেন্ট্রালের সাথে নিজের চুক্তি নিয়েও সোজাসাপটা কথা বলেছেন। আগামী জুন পর্যন্ত ক্লাবের সাথে চুক্তি থাকা এই তারকা আরও অন্তত এক বছর খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে জানান, শরীর যতদিন সায় দেবে, বছর ধরে ধরেই এগোবেন তিনি।
নিজের জীবনদর্শনের ব্যাখ্যায় ডি মারিয়া বলেন, ‘ যতদিন খেলব, খেলাটা উপভোগ করার জন্যই খেলব। আমি এখনো অনুশীলনে আসতে পেরে আনন্দ পাই তাদের সঙ্গে হাসিখুশি সময় কাটাই। ফুটবল খেলে সত্যিই সুখী।‘
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে বিবেচনা করেন কি না, জানতে চাইলে নিজের চিরচেনা সততা দিয়ে উত্তর দেন এই কিংবদন্তি। তিনি সাফ জানিয়ে দেন, ‘এটা বলার দায়িত্ব আমার নয়। তবে এতগুলো ফাইনাল ম্যাচে গোল করা এবং সেই জয়ের মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে থাকাটাই আমাকে জাতীয় দলের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিয়েছে। আজ যদি আমি সেই পোডিয়ামে (সেরাদের তালিকায়) জায়গা পাই, তবে সেটা আমি নিজের যোগ্যতা দিয়েই অর্জন করেছি।‘
ফিফা বিশ্বকাপে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। মেগা এই টুর্নামেন্টে নিজ দেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের নাম উল্লেখ করেন ডি মারিয়া।



























নিম্ন আয়ের গ্রাহকদের বিবেচনায় নিয়ে নতুন ট্যারিফ পুনর্বিবেচনার অনুরোধ বিদ্যুৎ বিভাগের