নৌ-দুর্ঘটনা থেকে রক্ষা পেলো অর্ধশতাধিক যাত্রী
- আপডেট সময় : ০৯:২৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নৌ পুলিশের সময়োচিত সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী। আজ সকালে দৌলতদিয়া ঘাটের ৭ নম্বর পন্টুনে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। তবে এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার ছিলেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাড়িটা ফেরিতে ওঠার সময় সবাই বলল যে বাসের যাত্রীদের নামিয়ে দাও। তখন সব যাত্রী নেমে গেল। শুধু ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার ছিলেন। নিয়ন্ত্রণ হারানোর পর ড্রাইভার অনেক চেষ্টা করেছেন পারেননি। পরে র্যাম ভেঙে পড়ে যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। পরে হামজা এসে বাসটিকে উদ্ধার করে।
তিনি জানান, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল। আহত অবস্থায় ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নৌ পুলিশ মিডিয়া শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশ্যে পন্টুনের দিকে আসছিল। পন্টুনে নামার আগেই সেখানে দায়িত্বরত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার নির্দেশ দেন। যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর বাসের চালক ও হেলপার গাড়িটি নিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করলে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাসটি নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্তব্যরত নৌ পুলিশের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন এবং বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর ঘাটে উপস্থিত যাত্রী ও সাধারণ মানুষ নৌ পুলিশের সময়োচিত পদক্ষেপের প্রশংসা করেন।
























রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী