পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় হতাহত অন্তত ২৭
- আপডেট সময় : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে ও অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশে সোয়াত থেকে পেশোয়ারগামী একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে থেমে যায়। পেশোয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে পাশে অপেক্ষা করছিলেন। এ সময় একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বাসটিতে ধাক্কা দেয়।
উদ্ধার কর্মকর্তা বিলাল আহমেদ ফাইজি এএফপিকে বলেন, ‘দুর্ঘটনায় অন্তত ১৭ জন মারা গেছেন ও ১০ জনের বেশি আহত হয়েছেন।’
তিনি জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় একটি হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মুহাম্মদ আলীও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
হতাহতদের মধ্যে অনেকে ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
পাকিস্তানে ট্রাফিক আইন দুর্বলভাবে প্রয়োগ, অতিরিক্ত গতি, সড়ক নিরাপত্তার নিম্নমান ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।























২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু