‘মেসির মতোই ঈশ্বরের ছোঁয়া পাওয়া ফুটবলার ইয়ামাল’
- আপডেট সময় : ০২:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বয়স এখনও ১৮ পেরোয়নি। তবে এরই মধ্যে স্পেন তথা বিশ্ব ফুটবলের এই বড় আলোচনার অন্যতম নাম লামিনে ইয়ামাল। চোটের কারণে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বার্সেলোনার এই তরুণ তারকা।
তবে তাকে নিয়ে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। বরং ইয়ামালের বিশেষত্ব বোঝাতে তিনি টেনেছেন লিওনেল মেসির নামও।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেছেন, ইয়ামাল এমন একজন ফুটবলার, যিনি বড় মঞ্চের জন্যই জন্মেছেন।
“লামিনে এ জন্যই (বিশ্বকাপ ও বড় মঞ্চ) জন্মেছে। ওর মধ্যে দারুণ সাহস আছে। এই বয়সে যে চাপ ও সামলাচ্ছে, তা আপনাকে বা আমাকে হয়তো ভেঙে ফেলত। কিন্তু এ ধরনের খেলোয়াড়রা আলাদা।”
ইয়ামালের দ্রুত উত্থান অনেকের কাছেই বিস্ময়কর। মাত্র ১৬ বছর বয়সে তিনি ইউরো চ্যাম্পিয়নশিপে খেলেছেন। এখন তার বয়স ১৮। অথচ এত অল্প বয়সেই বিপুল প্রত্যাশা ও গণমাধ্যমের চাপ সামলে খুব কম ভুল করেন বলে মনে করেন দে লা ফুয়েন্তে।
“একটি ভুল হলেই সবাই সেটি নিয়ে কথা বলে। কিন্তু মানুষ দেখে না, এর পেছনে কত ঘণ্টার পরিশ্রম থাকে। ফিজিও, পুষ্টিবিদ, মনোবিজ্ঞানী, কোচদের সঙ্গে কাজ। শুধু প্রতিভা নয়, মূল্যবোধ আর কঠোর পরিশ্রমও লাগে।”
তবে ইয়ামালের কাঁধে নতুন মেসি হওয়ার চাপ চাপিয়ে দিতে রাজি নন স্পেন কোচ। তার মতে, দুজনের মধ্যে মিল এক জায়গায়, তারা সেই বিরল প্রতিভাদের দলে, যারা খুব অল্প বয়সেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।
“ফুটবলাররা খুবই মেধাবী মানুষ। তবে কিছু খেলোয়াড় আছে, যাদের যেন ঈশ্বর নিজে ছুঁয়ে দিয়েছেন। এমন খেলোয়াড় খুব বেশি নেই। লামিনে, মেসি…”
সম্প্রতি বার্সেলোনার হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন ইয়ামাল। তাই ২০২৬ বিশ্বকাপের আগে তাকে ঘিরে প্রত্যাশাও আকাশছোঁয়া।
তবে আপাতত তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চোট থেকে পুরোপুরি সেরে ওঠা। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। তার উন্নতিতে সন্তুষ্ট স্পেন কোচ।
“ও খুব দ্রুত সেরে উঠছে। নির্ধারিত সময়ের আগে সব লক্ষ্য পূরণ করছে। আমার মনে হয়, প্রথম ম্যাচেই খেলার মতো অবস্থায় থাকবে। তবে তার মানে এই নয় যে, ও খেলবেই। আমরা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব, কিছু সময় খেলবে, বিশ্রামে থাকবে, নাকি দ্বিতীয় ম্যাচ থেকে নামবে।”
বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেন রয়েছে ‘এইচ’ গ্রুপে। ১৮ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। এরপর ২৩ জুন সৌদি আরব ও ২৭ জুন উরুগুয়ের মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।


























দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া