দেশে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আপডেট সময় : ১২:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (১৭ মে) সকালে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর বাইরে আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে আজ সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের কিছু অঞ্চলে গরমের অস্বস্তি এখনই কাটছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।
সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেটে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এই ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই দিনে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই দিনে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

























‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী