ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হিজবুল্লাহর তীব্র রকেট ও ড্রোন হামলা
- আপডেট সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
লেবাননের দক্ষিণাঞ্চলে অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একযোগে তীব্র ও সমন্বিত হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার চালানো এই হামলায় ইসরায়েলি বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী।
আজ শুক্রবার (৫ জুন) সকালে হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ ও প্রেস টিভি।
বিবৃতিতে বলা হয়েছে, লেবানন সীমান্তের ইয়োহমোর আল-শাকিফ, রাসাফ, আল-কান্তারা এবং খিয়ামসহ বেশ কয়েকটি সীমান্ত শহরে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দফায় দফায় ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলি সেনাসমাবেশ এবং তাদের সামরিক সরঞ্জাম গুঁড়িয়ে দেয়।
প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সবচেয়ে তীব্র লড়াই হয়েছে ঐতিহাসিক বোফোর্ট দুর্গ সংলগ্ন এলাকায়। সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা উপর্যুপরি কামানের গোলা, ভারী রকেট এবং নিখুঁত নিশানাভেদী (প্রিসিশন) ড্রোন দিয়ে ইসরায়েলি কমান্ড পোস্ট ও সেনাসমাবেশে আঘাত হানে। এই হামলায় বেশ কয়েকটি ইসরায়েলি মারকাভা ট্যাংক ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন এবং লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও দখলদারিত্বের প্রচেষ্টার জবাব দিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। দখলদার বাহিনীকে বিতাড়িত না করা পর্যন্ত লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং ইসরায়েলি অনুপ্রবেশ রুখে দিতে নিজেদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে তারা।
বিশ্লেষকদের মতে, আধুনিক প্রযুক্তির অস্ত্র ও বিমান শক্তিতে ইসরায়েল এগিয়ে থাকলেও, হিজবুল্লাহর এই সর্বশেষ হামলা বহুমাত্রিক ফ্রন্টে ইসরায়েলি বাহিনীকে বেশ কোণঠাসা করে তুলেছে এবং তাদের প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা প্রমাণ করেছে। সূত্র: মেহর নিউজ

























রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী